কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯জুন) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে ৫৬টি ব্যচের প্রায় ১২০০ নবীন-প্রবীন শিক্ষার্থী এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন। এতে অনেক নবীন-প্রবীণ শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. তৌছিফুর রহমান। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন ডাক্তার মো. ফজলুল হক।
স্বাগত বক্তব্যে ডা. মো. তৌছিফুর রহমান বিদ্যালয়ের ইতিহাস ও অ্যালামনাই গঠনের পটভূমি তুলে ধরেন। এসময় তিনি বলেন, ২০২৩ সালের দিকে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি অরাজনৈতিক, অলাভজনক এবং কল্যানমূলক প্রতিষ্ঠানের স্বপ্ন দেখি এবং এ উদ্দেশ্যে একটি অনলাইন প্ল্যাটফর্ম গঠন করা হয়। তারপর অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীদের সাথে পরামর্শের ভিত্তিতে এলামনাই গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়। “শিকড় এক লক্ষ্য অভীন্ন, আমরা সবাই সবার জন্য” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় পোড়াদহ হাই স্কুল এলামনাই এসোসিয়েশন।


